Don't Miss
Home / আন্তর্জাতিক / সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে সুদানকে সরালো যুক্তরাষ্ট্র
সুদান

সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে সুদানকে সরালো যুক্তরাষ্ট্র

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ২৭ বছর সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকায় রাখার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সুদানকে ওই তালিকা থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। খার্তুমের মার্কিন দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়েছে, সোমবার থেকেই তা কার্যকর হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২৭ বছর সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকায় রাখার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সুদানকে ওই তালিকা থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। খার্তুমের মার্কিন দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়েছে, সোমবার থেকেই তা কার্যকর হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছর ব্যাপক গণবিক্ষোভের জেরে দীর্ঘ দিনের শাসক ওমর আল বশির নেতৃত্বাধীন সরকার উৎখাতের পর সুদানের দায়িত্ব নিয়েছে একটি সার্বভৌম কাউন্সিল। এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল আবদেল-ফাত্তাহ আল-বুরহান। এই কাউন্সিল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সুদানকে সরিয়ে নেওয়াকে শীর্ষ অগ্রাধিকার দেয়।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র সুদানকে ওই তালিকায় যুক্ত করে। ওয়াশিংটনের অভিযোগ ছিলো ওমর আল বশিরের সরকার সন্ত্রাসী গ্রুপকে সমর্থন দিচ্ছে। ওই তালিকাভুক্তির কারণে সুদান ঋণ মওকুফ সুবিধা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার অযোগ্য হয়ে পড়ে সুদান।

গত অক্টোবরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ার মার্কিন দূতাবাসে হামলার শিকারদের খার্তুম ৩৩ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করতে রাজি হওয়ায় সুদানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সরিয়ে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৬ অক্টোবর এ সংক্রান্ত নোটিশ কংগ্রেসে পাঠান ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী কংগ্রেস আপত্তি না জানালে নোটিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে যেকোনও দেশকে ওই তালিকা থেকে সরিয়ে নেওয়া যায়। সুদানের ক্ষেত্রে কোনও আপত্তি তোলেনি কংগ্রেস।

সোমবার খার্তুমের মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় জানানো হয়, সুদানের বিষয়ে কংগ্রেসকে নোটিশ পাঠানোর ৪৫ দিনের সময়সীমা শেষ হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রীও সুদানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সরানোর নোটিশে স্বাক্ষর করেছেন। ফলে ১৪ ডিসেম্বর থেকে সুদান আর ওই তালিকায় থাকছে না।

ট্রাম্পের ওই ঘোষণার পর অনেকেই ধারণা করেছিলেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের পাশাপাশি সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। তবে খার্তুম বরাবরই এই সংযোগ অস্বীকার করতে চেয়েছে। সম্প্রতি মরক্কো ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও সুদান এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সুদান সরে যাওয়ার পর এখন এই তালিকায় রয়েছে আর মাত্র তিনটি দেশ। সেগুলো হলো ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...