এমএনএ রিপোর্ট : বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা কাজী সিরাজ আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাজী সিরাজের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী সিরাজের জানাজা হবে।
কাজী সিরাজের পরিবারের সদস্যরা জানান, জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার এক সময়ের সহকর্মী সাংবাদিক খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, কাজী সিরাজ রাতে বাসার বাথরুমে হঠাৎ পড়ে যান। দ্রুত তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাত ভাই ছিলেন কাজী সিরাজ।

কাজী সিরাজ ছিলেন দেশের অন্যতম সাংবাদিক-কলাম লেখক। টানা চার যুগ সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিল তার সরব উপস্থিতি।
সর্বশেষ কাজী সিরাজ সাপ্তাহিক ‘রোববার’ এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লিখতেন তিনি।
এরআগে দীর্ঘদিন তিনি দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রামের দৈনিক কিষানের ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিবর্তন।
কাজী সিরাজ ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হন।
তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনায় ছিলেন পরিচিত মুখ।
তার স্ত্রী শাহরিয়ার আখতার বুলু বিএনপি সরকারের সময় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

