Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

এমএনএ রিপোর্ট : সারাদেশে আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা জেনে তার বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিচারপতিগণ, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লি দেশের প্রধান এই ঈদ জামাতে নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত হবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাতটি সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা এ জামাতে অংশ নেবেন।

রাজধানীতে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১টা ৩৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই জামে মসজিদে। এর আগে এখানে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৪১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডিএসসিসি এলাকার জাতীয় ঈদগাহসহ ৫৭টি ওয়ার্ডে ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ৩৬টি ওয়ার্ডে ৫টি করে ১৮০টি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যেও দুই সিটি করপোরেশনের উদ্যোগে এরই মধ্যে ঈদের জামাত ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করে এনেছে। এর বাইরে এলাকাভিত্তিক মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ এবং খোলা জায়গায় ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টা ও পরেরটি ৯টায়। সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটক সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে সকাল ৮টা এবং লালমাটিয়া জি ব্লক মসজিদ বায়তুল হারামে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বৃষ্টির কারণে যাতে ঈদ জামাত ব্যাহত না হয়, সে জন্য এবার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ঈদগাহে কোনো সমস্যা হবে না।

মেয়র বলেন, এ বছর জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে এক লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়াও মাঠে ৫ হাজার নারী মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মাঠে বজ্র প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...