Don't Miss
Home / হোম স্লাইডার / সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই

এমএনএ রিপোর্ট : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইসমাত আরার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

ইসমাত আরা সাদেকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শোক প্রকাশ করেছেন।

বাদ আসর জাতীয় সংদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

আর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানিয়েছেন, ইসমাত আরা সাদেকের দাফনের বিষয়ে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন।

সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের সহধর্মিণী ইসমত আরা সাদেক ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনিই প্রথম যশোর থেকে সরাসরি জনগণে ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য হন। সংসদ সংসদ নির্বাচিত হয়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে পুনরায় যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।

১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে, সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

ইসমাত আরা ১৯৯৬ সালে কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য।

২০১৪ সালের ১২ জানুয়ারি নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি।

ইসমাত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।

এই দম্পতির ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক স্থপতি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...