Don't Miss
Home / আজকের সংবাদ / সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই

এমএনএ রিপোর্ট : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিচারপতি লতিফুর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে লতিফুর রহমানের প্র্রতি শ্রদ্ধা জানিয়ে বিরতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেন সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধান বিচারপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ লতিফুর রহমান ১৯৩৬ সালে ১ মার্চ যশোর শহরে জন্মগ্রহণ করেন।

পেশাজীবনের শুরুতে লতিফুর রহমান কায়েদে আজম কলেজ (বর্তমান শহিদ সোহরাওয়ার্দি কলেজ) ও জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রভাষক হিসেবে কাজ করেন।

১৯৬০ সাল থেকে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। তিনি শুরুতেই এমএইচ খন্দকারের নিকট শিক্ষানবিশ ছিলেন। খন্দকার বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ছিলেন।

১৯৭৯ সালে ২১ নভেম্বর লতিফুর রহমান সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৮১ সালে ৪ নভেম্বর হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসাবে যোগদান করেন।

১৯৯০ সালের ১৫ জানুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন। ২০০০ সালের ১ জানুয়ারি তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করেন।

সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচাপতি হিসেবে তিনি ২০০১ সালের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

অষ্টম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১ অক্টোবর ২০০১ সালে এবং লতিফুর রহমান ১০ অক্টোবর নতুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তার অধীনে অনুষ্ঠিত নির্বাচন দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর বিচারপতি লতিফুর রহমান তার উপদেষ্টা থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা নামের একটি বই লিখেন।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...