Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / সোনার দাম বাড়লো ভরি প্রতি ১৪০০ টাকা

সোনার দাম বাড়লো ভরি প্রতি ১৪০০ টাকা

এমএনএ অর্থনীতি রিপোর্ট : দুই সপ্তাহের মাথায় ফের বাড়লো সোনার দাম। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আর অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে বেড়েছে। এর আগে গত ১১ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। এ সময় ২২ ও ২১ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেট ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাজুস বলেছে, আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২৫ নভেম্বর ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয় অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। এরপর কমানো হয়েছিলো চলতি মাসের ১২ ডিসেম্বর।
নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সোনার সর্বনিম্ন ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুস জানায়, বর্ধিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালোমানের (২২ ক্যারেট) সোনার দাম পড়বে ৪৯ হাজার ৩৩৮ টাকা। আজ রবিবার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৯৩৯ টাকা।
২১ ক্যারেট ৪৭ হাজার ১২২ টাকা, বর্তমান দাম রয়েছে ৪৫ হাজার ৭২৩ টাকা। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৪১ হাজার ৮৭২ টাকায়, বাজারে এ মানের সোনার বর্তমান দাম রয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকা।
সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৬৬০ টাকা। তবে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) আগের দাম এক হাজার ৫০ টাকাই রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের কারণে নয়, স্থানীয় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “বিয়ের মৌসুম, বড় দিন এবং নতুন বছরকে সামনে রেখে স্থানীয় বাজারে সোনার চাহিদা বেশ বেড়েছে। কিন্তু সে তুলনায় সরবরাহ কম। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এবার আমরা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ”
x

Check Also

এক বছরে রেমিট্যান্স বৃদ্ধি ৩ বিলিয়ন ডলার, রফতানি হ্রাস ৭ বিলিয়ন; বৈদেশিক মুদ্রা প্রবাহে ঘাটতি ৫ বিলিয়ন

বিশেষ প্রতিনিধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস—পণ্য রফতানি ও প্রবাসী আয় (রেমিট্যান্স)—গত এক ...