Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / সোনার দাম ভরি প্রতি ১১৬৬ টাকা বাড়ল

সোনার দাম ভরি প্রতি ১১৬৬ টাকা বাড়ল

এমএনএ অর্থনীতি রিপোর্ট : সোনার দর ফের বাড়ল। তিন সপ্তাহের ব্যবধানে ভাল মানের সোনার দাম এবার ভরিতে ১১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি–বাজুস। ২৩, ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে সমপরিমাণ দাম। এর আগে সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ জুলাই।

এর ফলে সবচেয়ে ভালো মানের সোনা এখন ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হবে। আজ বুধবার থেকে নতুন দর কার্যকর হবে।

ঘটা করে স্বর্ণ করমেলা করার পর ৪ জুলাই সর্বশেষ সোনার দর বাড়িয়েছিল বাজুস। সেবার ভালো মানের সোনা ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়ান হয়েছিল।

সাড়ে চার মাস পর ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার দিন প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকা বাড়িয়েছিল বাজুস। কিন্তু তার চার দিন পরই দাম কমিয়ে আগের অবস্থায় ফেরত নেওয়া হয়।

এরপর জুন মাসের শেষে প্রথমবারের মতো স্বর্ণ করমেলার আয়োজন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এবং বাজুস এ মেলার আয়োজন করে।

মেলায় ব্যবসায়ীদের হাতে থাকা অপ্রদর্শিত প্রতি ভরি সোনা ১ হাজার টাকায় বৈধ করার সুযোগ ছিল। কিন্তু তাতে খুব একটা ভালো সারা পাওয়া যায়নি।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে সোনার দর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে ৫ বছরের মধ্যে সোনার দর সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। ৫ বছর আগে প্রতি আউন্স সোনার দর ছিল ১ হাজার ৫০ ডলার। এক বছর আগে ছিল ১ হাজার ১৭৩ ডলার। আজ (বুধবার, ২৩ জুলাই) সেই সোনার দর ১ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে।

“গত ১৫ দিনে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দর ৫০ ডলার (৪ হাজার টাকার বেশি) ডলার বেড়েছে। আমরা সেখানে ১ হাজার টাকার টাকার কিছু বেশি বাড়িয়েছি।”

তারপরও বাংলাদেশে সোনার দর ‘সবচেয়ে কম’ বলে দাবি করেন আগরওয়ালা।

নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৫১ হাজার ৩০ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম হবে ৪৬ হাজার ১৪ টাকা।

গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৯ হাজার ৮৬৪ টাকায়। ১৮ ক্যারেট সোনা বিক্রি হয় ৪৪ হাজার ৮৪৮ টাকায়।

এ হিসাবে ২২, ২১ এবং ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বেড়েছে।

তবে সনাতন পদ্ধতির সোনার দামে কোনো হেরফের হয়নি। আগের ২৬ হাজার ৮২৭ টাকা ভরিতেই বিক্রি হবে এই সোনা।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।

অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়।

এদিকে জুয়েলার্স সমিতি প্লাটিনাম বা হোয়াইট গ্লোডের মূল্যও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার থেকে প্রতি ভরি ২৩ ক্যারেট প্লাটিনামের মূল্য হবে ৬৫ হাজার ২৭ টাকা। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্লাটিনামের ভরি ৬৩ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়েছে।

তবে রুপার দাম বাড়েনি। আগের ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...