Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাধীনতা দিবস দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে: প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেছেন, স্বাধীনতা দিবস আমাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (২৫ মার্চ) দেওয়া বাণীতে তিনি দেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

বাণীতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকল মানুষের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

স্বাধীনতার মূল লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের উদ্দেশ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...