Don't Miss
Home / হোম স্লাইডার / হাম পরিস্থিতি: টিকাদান লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ অর্জন, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

হাম পরিস্থিতি: টিকাদান লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ অর্জন, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশে চলমান হাম প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে নেওয়া বিশেষ টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সারাদেশে নির্ধারিত প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুর মধ্যে ৯৯ শতাংশকে ইতোমধ্যে হাম-রুবেলা টিকা দেওয়া হয়েছে। তবে একই সময়ে উদ্বেগজনকভাবে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মৃত ১১ শিশুর মধ্যে চারজনের হাম সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছিল এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ জন।

একই সময়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৪৯ হাজারের বেশি শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ও উপসর্গ পাওয়া শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হাম সন্দেহে এখন পর্যন্ত ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ জন।

ডিজিএইচএস জানায়, চলমান জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৯১৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০ মে পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৬০৫ শিশু, যা মোট লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।

বিভাগভিত্তিক টিকাগ্রহণের চিত্রে দেখা গেছে—  বরিশাল বিভাগে টিকা পেয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯৮৬ শিশু; চট্টগ্রাম বিভাগে ৪২ লাখ ১৮ হাজার ৭৫৪; ঢাকা বিভাগে ৪৪ লাখ ২৯ হাজার ১২৮; খুলনা বিভাগে ১৫ লাখ ৮৩ হাজার ৭৭৬; ময়মনসিংহ বিভাগে ১৩ লাখ ২৫ হাজার ৪২৩; রাজশাহী বিভাগে ২০ লাখ ৭৪ হাজার ৩২৮; রংপুর বিভাগে ১৯ লাখ ৪ হাজার ৭৯২ ও সিলেট বিভাগে ১২ লাখ ৬৯ হাজার ৪১৮ শিশু।

এছাড়া সিটি করপোরেশন এলাকাগুলোতে মোট ১৯ লাখ ৫ হাজার ৯৫০ শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে টিকা পেয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৭৭৭ শিশু, যা প্রায় ৯৭ শতাংশ অর্জন।

সিটি করপোরেশনভিত্তিক টিকাগ্রহণের মধ্যে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে, যেখানে টিকা নিয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৪৫০ শিশু। ঢাকা দক্ষিণে এ সংখ্যা ৪ লাখ ৩৭ এবং গাজীপুরে ১ লাখ ৮৪ হাজার ৫৫।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে সরকার তিন ধাপে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপ শুরু হয় ৫ এপ্রিল, যেখানে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। ওইসব এলাকায় ইতোমধ্যে কর্মসূচি শেষ হয়েছে এবং সেখানে হাম রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে। তৃতীয় ধাপ শুরু হয় ২০ এপ্রিল থেকে, যা এখন সারাদেশে চলমান রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি চলবে ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, যেসব এলাকায় শতভাগ টিকাদান নিশ্চিত হয়েছে, সেখানে হামের প্রকোপ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেনও জানিয়েছেন, সরকারের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে।

তিনি বলেন, “অনেক এলাকায় ইতোমধ্যে শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে এবং সেখানে হাম নিয়ন্ত্রণে এসেছে। টিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নির্ধারিত সময়ের অপেক্ষা না করে কার্যক্রম শুরু করেছি। আশা করছি খুব দ্রুত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। সাধারণত টিকাদান কর্মসূচি শুরুর দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সংক্রমণ কমতে শুরু করে।

তাদের মতে, যথাযথভাবে কর্মসূচি বাস্তবায়ন করা গেলে চলমান প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে তারা অভিভাবকদের সন্তানদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

x

Check Also

পুলিশ হবে নিরপেক্ষ, জনগণের আস্থাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের নয়; বিধিবদ্ধ আইন অনুযায়ীই ...