এমএনএ স্পোর্টস ডেস্ক : আগামী ২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানানো হয়।
কল্যাণপুরে একমি কার্যালয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহা। এবারের আসরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিপিএলে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন ‘বৈঠকে আটটি ফ্রাঞ্চাইজির মধ্যে পাঁচটিই চেয়েছে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে। বাকি তিনটি চেয়েছে চারজন করে। মেজরিটির ভিত্তিতে আমরা পাঁচজন বিদেশি খেলানোর পক্ষেই সিদ্ধান্ত নিয়েছি।’
নতুন এ ঘোষণার কারণে একাদশে আগে যেখানে সাতজন দেশি খেলোয়াড় সুযোগ পেতেন সেখানে ছয়জন দেশি খেলোয়াড় খেলতে পারবেন।
তবে এধরনের সিদ্ধান্তের গুঞ্জন শুরু হলে এর বিরোধিতা করে আসছিলেন ঘরোয়া ক্রিকেটাররা।
আইপিএল, সিপিএল, পিএসএল থেকে শুরু করে সবগুলো ফ্রাঞ্জাইজি লিগে চার জন করে বিদেশি ক্রিকেটার এবং সাত জন করে দেশি ক্রিকেটার খেলাতে হয়। বিপিএলের আগের চার আসরেও ছিল একই নিয়ম।
বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের আসরে একটি দল বেড়ে যাওয়ায় এখন মোট দলের সংখ্যা ৮টি। চার জন করে বিদেশি খেলানো হলে, বাকি আরও সাত জন করে ৮ দলে মোটামুটি মানের ক্রিকেটার প্রয়োজন ৫৬ জন। তবে এই মুহূর্তে বাংলাদেশে এতগুলো মানসম্পন্ন ক্রিকেটার নেই যে, তাদেরকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলানো যাবে এবং বিপিএলকে আকর্ষণীয় করে তোলা যাবে।
সভা শেষের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন আইকন ক্রিকেটার হিসেবে এবার চূড়ান্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, ফলে আইকন ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো আটে। আগের সাত আইকন আগের মতোই থাকবেন।
এক ম্যাচে কয়জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সেই ধারাতেই এবার নতুন নিয়ম চালু হলো বিপিএলে। এবার প্রতিটি একাদশে পাঁচজন করে বিদেশী ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। যদিও এতদিন চার জন করে খেলানোর নিয়ম ছিল।
আগামী ১৬ সেপ্টেম্বর বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সাউথ আফ্রিকার গ্লোবাল লিগ এবং বিপিএলের পরে আসর একই সময়ে পড়ে যাওয়ায় টুর্নামেন্ট শুরুর তারিখ দু’দিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ২ নভেম্বর মিরপুরে হওয়ার কথা ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে হবে ৩১ অক্টোবর, আর মাঠের লড়াই গড়াবে ২ নভেম্বর।
ইসমাইল হায়দার আরও জানান, ‘আগের আসরগুলোতে সাতটি দলের আইকন খেলোয়াড় ছিলেন সাতজন। এবার দল বাড়ায় আইকন খেলোয়াড় একজন বেড়েছে। নতুন আইকন খেলোয়াড় হয়েছেন মুস্তাফিজুর রহমান।’ জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করেই আইকন খেলোয়াড় ঠিক করা হয়েছে বলে জানান তিনি।
বিপিএলে আগের ৭ আইকন ক্রিকেটারদের মধ্যে রয়েছে- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার। এদের মধ্যে এবার মাশরাফিকে রংপুর রাইডার্স, সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদুল্লাহকে খুলনা টাইটানস, মুশফিককে রেখেছে রাজশাহী কিংস আইকন খেলোয়াড় হিসেবে খেলাবে। তবে সাব্বিরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এদিকে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত আসরে বাদ পড়া সিলেট রয়্যালস এবার ‘সুরমা সিক্সেস’নামে আবার মাঠে ফিরেছে। ফলে বিপিএলে দল সংখ্যা দাঁড়িয়েছে আটে।
সম্প্রতি এ বিষয়ে সিলেট সুপারস্টারের সমন্বয়ক শফিকুল ইসলাম বলেছেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্যের কথা মাথায় রেখে দলটির নাম ‘সিলেট সুপারস্টার’ থেকে ‘সুরমা সিক্সেস’ চিন্তা ভাবনা করছি আমরা।
এ নিয়ে দলটি তৃতীয়বারের মতো দল পরিবর্তন করতে যাচ্ছে। প্রথমে এর নাম ছিল সিলেট রয়্যালস। তৃতীয় আসরের সময় নাম পরিবর্তন করে হয় ‘সিলেট সুপার স্টার’।
গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।
বিপিএলে গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান।
২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। পরের বছরই অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসর। কিন্তু এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে বন্ধ ছিল আইপিএল। ২০১৪ সালে আইপিএলের আসর অনুষ্ঠিত হয়নি। ২০১৫ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। আর গতবছর অনুষ্ঠিত হয় চতুর্থ আসর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
