Don't Miss
Home / আজকের সংবাদ / উন্নত চিকিৎসার্থে চেন্নাই নেয়া হচ্ছে সিদ্দিকুরকে

উন্নত চিকিৎসার্থে চেন্নাই নেয়া হচ্ছে সিদ্দিকুরকে

এমএনএ রিপোর্ট : রাজধানীর শাহবাগে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে ভারতের চেন্নাই নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে।

সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সোমবার সকালে সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে যান। সেখানে প্রায় ১০ মিনিট ছিলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, চোখের চিকিৎসার জন্য সিদ্দিকুর রহমানকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে। তিনি বলেন, ‘সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সাধীন সিদ্দিকুরকে দেখার পর এ কথা বলেন। তিনি বলেন, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন। সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী তাঁকে পাঠিয়েছেন।

পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ দুপুরের দিকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইফতেখার মো. মুনির জানান, বাঁ চোখের এক পাশ থেকে আলো দেখছেন সিদ্দিকুর রহমান। তবে তাঁর ডান চোখের অবস্থা আগের মতোই আছে। এই চোখে তিনি কোনো আলো দেখছেন না।

পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে। ‘পুলিশের টিয়ার শেলে’ দুই চোখে আঘাত পান রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান । একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের একজন সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ছেন। তার পরপরই মাটিতে পড়ে যান সিদ্দিকুর। রাস্তার ওই স্থানটি রক্তে লাল হয়ে যায়।

প্রথমে আহত সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর স্নাতক শেষে সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। চিকিৎসক জানিয়েছেন, শেলের আঘাতে তার চোখ নষ্ট হবার পথে। তার দুই চোখে আলো ফেরার সম্ভাবনা খুব কম।

এদিকে এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...