৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
Posted by: News Desk
June 12, 2018
এমএনএ রিপোর্ট : বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহেদি শাহনেওয়াজ জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃতদের মধ্যে সাধারণ ক্যাডার ৪৬৫ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২০ জন, তথ্যে ১৪ জন, কৃষিতে ৫০ জন, মৎস্যে ৭৯ জন, প্রাণিসম্পদে ৪৭ জন, সহকারী সার্জন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে।
ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। পরে অবশ্য লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। যাদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জনকে মনোনীত করা হয়।
২০১৭ সালের ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি, মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৩৭৯ জনকে উত্তীর্ণ করা হয়েছিল।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।
বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।
বিসিএসের ৩৭তম ফলাফল প্রকাশ চূড়ান্ত 2018-06-12