Don't Miss
Home / জাতীয় / ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন: ইসি সানাউল্লাহ

৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন: ইসি সানাউল্লাহ

এমএনএ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্তমানে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

ভোট গ্রহণের দুই দিন আগে মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে ৩০০ আসনের মধ্যে একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।

দেশব্যাপী ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বক্ষণিক নজরদারির লক্ষ্যে আগেই সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও নির্বাচন কমিশনার ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানান, তবে সুনির্দিষ্ট কতটি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেন, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বুধবার জানানো হবে।

সিসি ক্যামেরার পাশাপাশি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে বলে জানান কমিশনার সানাউল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েনের পাশাপাশি ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনার বলেন, “বাংলাদেশে এত বড় পরিসরে কখনোই এত ফোর্স ও সক্ষমতা একসঙ্গে মোতায়েন করা হয়নি। তাই নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তারপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে। তাঁর ভাষায়, “উদ্ধার করা অস্ত্রগুলোর একটি উল্লেখযোগ্য অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে আমাদের ধারণা।”

এ ছাড়া ভোটের দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশন গণমাধ্যমকে অবহিত করবে বলেও জানান কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...