এমএনএ প্রতিবেদক
অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ থেকে কমিশন কেটে নিয়ে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারকারী চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের একটি বিশেষ দল গত ১৫ জুন ২০২৬ তারিখে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূইয়া (২৩) এবং আবু জোবায়ের সানি (৩৬)। অভিযানের অংশ হিসেবে রায়হান খান ও পাভেল রহমান ভূইয়াকে নরসিংদী সদর থানার চিনিশপুর এলাকার জেলখানা মোড় থেকে এবং আবু জোবায়ের সানিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিআইডির নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশি-বিদেশি অনলাইন বেটিং (জুয়া) সাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। এসব সাইট সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হতো এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে বেটিং পরিচালিত হতো।
তদন্তে আরও উঠে আসে, অংশগ্রহণকারীরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায়), ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতেন। জমাকৃত অর্থ ভার্চুয়াল ব্যালেন্সে রূপান্তর করে অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহার করা হতো। চক্রটি বিভিন্ন এজেন্ট নিয়োগ করে এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ এবং ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন পরিচালনা করতো।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে এজেন্ট সিম ও আর্থিক হিসাব সরবরাহ করতেন, যা অনলাইন জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত হতো। তাদের মধ্যে দু’জন নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিম সক্রিয় রেখে কমিশন গ্রহণ করতেন এবং অন্যজন বিভিন্ন এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের কাছে সরবরাহ করতেন।
এ ঘটনায় পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। সিআইডি জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ৭ জুন ২০২৬ তারিখে একই মামলায় সম্পৃক্ততার অভিযোগে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
