Don't Miss
Home / মানবাধিকার / অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল: ইফতেখারুজ্জামান

এমএনএ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনাকে বিশ্ব ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (৮ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পরবর্তী সময়ে গণমাধ্যমের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠান সরাসরি আক্রমণের শিকার হয়েছে, যা আন্তর্জাতিকভাবে বিরল ঘটনা।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এসব হামলা হঠাৎ নয়, বরং অনেক ক্ষেত্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্য উপস্থিত থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, হামলার পর কিছু ব্যক্তি ও গণমাধ্যম সংশ্লিষ্টরা সন্তোষ বা উৎফুল্লতা প্রকাশ করেছেন, যা গণমাধ্যমের পরিবেশের জন্য নেতিবাচক বার্তা দেয়। এ পরিস্থিতি গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর আলোচনার প্রয়োজনীয়তা তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, গত এক দশকে বিশ্বজুড়ে ৫০০-এর বেশি সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে ভারতে ৩০ জন, পাকিস্তানে প্রায় ৫০ জন এবং বাংলাদেশে ২৬ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ৮ ও ৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ ১০টি দেশের ৫৪৭ জন সাংবাদিক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। সম্মেলনের ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করে তাদের প্রতিবেদনের ধারণা উপস্থাপন করবেন।

x

Check Also

সরকারি জমিতে অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণ, অর্থ আত্মসাতের দায়ে নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

বিশেষ প্রতিবেদক রাজধানীর বনানীতে সরকারি জমিতে অনুমোদনবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ...