Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সাইন্স বলছে, পৃথক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থনীতি এবং মানসিক বিশ্লেষণের মধ্যে সেতু তৈরিতে অর্থনীতিবিদ থ্যালারের গবেষণা ব্যাপক অবদান রেখেছে।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ বিজয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সাইন্স।
আচরণগত অর্থনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। মার্কিন এ অর্থনীতিবিদ আচরণগত অর্থনীতি প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ইউনিভার্সিটি অব শিকাগো বুথের অধ্যাপক, বিশ্বব্যাপী বেস্ট সেলার বই ‘নুডস’ এর সহলেখক।
এ পুরস্কারের জন্য আর্থিক মূল্য হিসেবে রিচার্ড এইচ থ্যালার ৯০ মিলিয়ন সুইডিশ ক্রোনা (১১ হাজার মার্কিন ডলার) পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯ কোটি টাকার বেশি।
৭২ বছর বয়সী মার্কিন এই অর্থনীতিবিদ ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জে জন্মগ্রহণ করেন। থ্যালার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক।
পুরস্কার ঘোষণার পর টেলিফোনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির এই অধ্যাপক। এসময় তার গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। জবাবে থ্যালার বলেন, ‘মানুষ হচ্ছে অর্থনীতির অ্যাজেন্ট এবং সেভাবেই অর্থনৈতিক মডেল গড়ে উঠেছে।’
অপর এক সাংবাদিক চীনের অর্থনীতি নিয়ে থ্যালারের মন্তব্য জানতে চান। সদ্য নোবেলজয়ী মার্কিন এই অর্থনীতিবিদ বলেন, ‘এ বিষয়ে তিনি বিশেষজ্ঞ নন।’
অর্থনীতিতে নারী নোবেল পুরস্কার জয়ীর সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে নোবেল কমিটি বলছে, ‘তারাও এ ব্যাপারে উদ্বিগ্ন এবং পরিস্থিতি উন্নয়নে ব্যবস্থা নিচ্ছেন। তারা আশা করছেন, পরিস্থিতির উন্নতি হবে। আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।’

১৯৬৯ সাল থেকে ২০১৭ সাল প্রর্যন্ত ৪৮ বার অর্থনীতিতে এ পুরস্কার দেয়া হয়। ২৪ বার মাত্র একজন করে অর্থনীতির নোবেল পেয়েছেন। এলিনর স্টর্ম প্রথমবারের মতো একজন নারী অর্থনীতির নোবেল পান ২০০৯ সালে।
গত বছর ‘চুক্তিতত্ত্ব’ এর উপর গবেষণায় বিশেষ অবদান রাখায় অর্থনীতিতে নোবেল বিজয়ী হয়েছেন দুই অধ্যাপক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্কট হলস্ট্রম।
হলস্ট্রম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ও অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয় পড়ান।
গত ২ অক্টোবর (সোমবার) চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। এ সপ্তাহে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্যদিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হলো।
প্রতি ২৪ ঘণ্টায় জীবকোষের শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণের আণবিক পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় নোবেল পান যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। জেফরি সি হল, মাইকেল রোজবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং।
গত মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য এ বছর যৌথভাবে পদার্থে নোবেল পান রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন।
এরপর বুধবার রসায়নে এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জৈবিক অণুর ছবি তোলার উন্নত পদ্ধতি আবিষ্কার করার এ বছর জার্মানির জ্যাকুয়েস দুবোশে ও জোয়াকিম ফ্রাঙ্ক এবং স্কটল্যান্ডের রিচার্ড হ্যান্ডারসনকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
গত শুক্রবার ঘোষণা করা হয় এ বছর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। এবার বিশ্ব সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পান ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।
প্রসঙ্গত, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি এই পাঁচ বিষয়ের ওপর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া চালু হয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...