Don't Miss
Home / আজকের সংবাদ / অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : তিন দিনের অস্ট্রেলিয়া সফর শেষে আজ সোমবার প্রথম প্রহরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিকনারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদানের উদ্দেশ্যে সিডনিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে রওনা হয়ে ব্যাংককে যাত্রাবিরতি দিয়ে বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ২৭ এপ্রিল তিন দিনের সফরে সিডনিতে যান প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে।
সম্মেলনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বিশ্ব নারীদের অধিকার আদায় করে নিতে নতুন জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে অধিকার আদায় চার দফা দাবি জানান তিনি।
সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে।
সফরের দ্বিতীয় দিন গত শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের সরকার প্রধানের। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
গত শনিবার সিডনির প্যারাম্যাটায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের তিনি জ্ঞানার্জনের সর্বোচ্চ সুযোগ কাজে লাগানোর কথা বলেন।
সিডনি শহরের প্রাণকেন্দ্রে একটি পাঁচ তারকা হোটেলে গত শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনার যোগ দেন শেখ হাসিনা।
ছোট বোন শেখ রেহানা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফেরাজ চুমকি, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান ও পারভীন জামান এই সফরের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এছাড়া বাংলাদেশ উইমেন চেম্বারের প্রেসিডেন্ট নিহাদ কবীর, এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, হাসিনা নেওয়াজ, হেলেনা জাহাঙ্গীর, নাজ ফারহানা আহমেদ, সারিতা মল্লিক ও বিলকিস হাসান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...