আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
February 16, 2018
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গত বুধবার স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এর আগে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বুধবার রাতে লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আবুধাবিতে যাত্রা বিরতি শেষে ইত্তিহাদ এয়ারওয়েজের অপর একটি ফ্লাইটে আগামীকাল শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদে’র পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি রোমে যান।
প্রধানমন্ত্রী গত সোমবার স্থানীয় সময় সকালে রোমের আবাসস্থল পারকো দেই প্রিনচিপি গ্র্যান্ড হোটেল থেকে ভ্যাটিক্যান সিটিতে যান এবং সেখানে বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে হলি সি-তে (ভ্যাটিক্যান সিটি) বৈঠক করেন।
শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটিতে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গেও বৈঠক করেন এবং সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইফাদ’র অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইফাদ সদর দপ্তরে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৬টি জেলার দুস্থ মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২.০৩ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো চুক্তিতে স্বাক্ষর করেন।
একই দিন স্থানীয় সময় রাতে রোমের পার্কো দি প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড এসপিএ’তে আওয়ামী লীগের ইতালি শাখা আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী আগামীকাল দেশে ফিরবেন 2018-02-16