Don't Miss
Home / প্রশাসন / আজ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম

আজ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম

বগুড়া প্রতিনিধি

নিজ জেলা বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে তিনি বগুড়ায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো উত্তরাঞ্চলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

সফরসূচি অনুযায়ী, সকালে বগুড়া সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী সরাসরি জেলা আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে তিনি আইনজীবীদের জন্য নির্মিত নতুন আধুনিক বার ভবন উদ্বোধন করবেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে তিনি ডিজিটাল জামিন ব্যবস্থাপনার নতুন এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়া থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ই-বেইল বন্ড ব্যবস্থা পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

বর্তমানে প্রচলিত জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। সময়ক্ষেপণ, কাগজপত্র জটিলতা এবং কিছু ক্ষেত্রে জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই অভিযোগের বিষয় হয়ে আছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ডিজিটাল পদ্ধতি চালু হলে এ ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি বাড়বে।

বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, “ডিজিটালভাবে জামিননামা যাচাই ও অনুমোদনের ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেক কমবে। একই সঙ্গে জামিন সংক্রান্ত জালিয়াতি ও অসাধু চক্রের তৎপরতাও নিয়ন্ত্রণে আসবে।”

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বগুড়া আদালত চত্বরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাসেদ জানান, “মূল অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হলেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

এদিকে স্থানীয়রা আশা করছেন, প্রধানমন্ত্রীর এ সফরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়া সিটি করপোরেশন ঘোষণা, এবং খাল খননসহ নতুন উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসতে পারে।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর নিজ জেলা সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।

x

Check Also

চুক্তিভিত্তিক নিয়োগে সরকারের নির্ভরতা নিয়ে প্রশ্ন, প্রশাসনে নতুন করে বিতর্ক

বিশেষ প্রতিবেদন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ বাংলাদেশের সরকারি ব্যবস্থায় নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে উচ্চপদে ...