Don't Miss
Home / হোম স্লাইডার / আমরা গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি : খালেদা

আমরা গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি : খালেদা

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটাই প্রশ্ন, সরকার কী করছে?’

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তগৌড়ীয় মঠের পুরোহিত অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়া এ বিবৃতি দেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে পঞ্চগড়ে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে অধ্যক্ষ যজ্ঞেশ্বরকে হত্যা এবং তার সহকারী গোপালকে গুলি করে আহত করে।

খালেদা জিয়া বলেন, যারা বিদেশী নাগরিক, ধর্মগুরু হত্যা, উপাসনালয়ে হামলা, ব্লগার ও প্রকাশক হত্যায় জড়িত, তারা মানবতা, সভ্যতা ও আধুনিক রাষ্ট্রবিরোধী। এ জন্য তিনি বর্তমান সরকারের ‘দুঃশাসনকে’ দায়ী করেন।

Khaleda Zia 2

পুরোহিত হত্যার ঘটনাকে ‘মানবতা বোধশূন্য, অন্ধ হিংস্রতা ও বিকৃত পশু প্রবৃত্তি’ অভিহিত করে তিনি বলেন, ‘পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মগুরুকে ধারাল চাপাতি দিয়ে হত্যা ও অন্যান্য পূজারিদের গুরুতর জখমের আতংকসঞ্চারী ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।’

সাবেক এই প্রধানমন্ত্রী জানান, ‘বাংলাদেশে ভাষা-সংস্কৃতি, ঐতিহ্য এবং সাহিত্য থেকে শুরু করে সঙ্গীত পর্যন্ত যুগ যুগ ধরে সৃজিত হয়ে আসছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবপ্রেমের বাণী।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা হত্যাকাণ্ড থেকে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা শুরু হয়েছে, তা রোববার পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। আর এসব বর্বর পরিকল্পনার শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অনেক মানবসন্তান। এদের মধ্যে যেমন বিদেশী নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশকসহ বেশ কয়েকজন।’

খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েক মাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার। এগুলোর কোনো সুরাহাই করতে পারেনি তারা। প্রকৃত দুষ্কৃতকারীদের না ধরে উল্টো বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছে সরকার।’

Khaleda Zia attend to Poltan Metting

তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা দেশে সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলোতে একটি জঙ্গি সংগঠনের দায় স্বীকারের বার্তার বিষয়ে বারবার উল্লেখ করলেও সরকার সেটিকে পাত্তা দেয়নি। সরকার এখন দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার বোঝানোর চেষ্টা করছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটি মিথ্যাবাদী রাখালের চিৎকারের চারিত্র্যলক্ষণ।’

বিএনপি চেয়ারপারসন পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা এবং গুলিবিদ্ধ মঠের পূজারি গোপালের সুস্থতা কামনা করেন।

একই সঙ্গে তিনি হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...