Don't Miss
Home / আজকের সংবাদ / আল-কায়েদার বাংলাদেশ প্রধান আফগানিস্তানে নিহত

আল-কায়েদার বাংলাদেশ প্রধান আফগানিস্তানে নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আল-কায়েদার বাংলাদেশবিষয়ক প্রধান তারিক ওরফে সোহেল আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছেন। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) প্রধান অসিম ওমর এক অডিও বার্তায় এ দাবি করেছেন।

গতকাল মঙ্গলবার ইন্টারনেটনির্ভর যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে এ অডিও বার্তা প্রকাশ করা হয়। পরে এর ইংরেজি লেখ্য ভাষ্যও প্রকাশ করা হয়।
তবে বাংলাদেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।

১৩ পৃষ্ঠার ওই ইংরেজি বিবৃতিতে একিউআইএস প্রধান অসিম ওমর বলেন, আমাদের প্রিয় যে ভাইটি ঢাকার চাকচিক্য ছেড়ে ওয়াজিরিস্তানে হিজরত করেছিলেন, সেই তারিক ভাই (আল কায়েদার বাংলাদেশ বিষয়ক প্রধান) বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থার বসন্ত ফিরিয়ে আনার প্রত্যাশায় কান্দাহারের মরুভূমিকে জিহাদের আলোয় পবিত্র করতে গিয়ে মারা গেছেন। গত মঙ্গলবার আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিও আলাদা একটি বিবৃতি দিয়েছেন। সোহেলের সঙ্গে তাঁর সহযোগী কারি আবদুল আজিজ ওরফে আবদুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেন, আসাদুল্লাহ ওরফে নাজিমউদ্দীন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান এবং আবু বকর ওরফে আনুজ হাসিব নিহত হয়েছেন।

সম্প্রতি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ব্যাপক গোলাবর্ষণ করে। এর মধ্যে ১৩ এপ্রিল আফগানিস্তানের নানগরহার পূর্বাঞ্চলীয় প্রদেশের আচিন জেলায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের বোমা (মাদার অব অল বোমস) বর্ষণের ঘটনায় ৯৪ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। তবে অসিম ওমরের বক্তব্যে কথিত বাংলাদেশি তারিক ওরফে সোহেল ও তাঁর পাঁচ সহযোগী ঠিক কত তারিখে নিহত হয়েছেন, সেটা উল্লেখ করা হয়নি।

গত মাসে আল কায়েদার আস-শাহাব মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও থেকে প্রথমবারের মতো সোহেলের মৃত্যুর খবরটি জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আফগানিস্তানের কান্দাহারে সম্প্রতি কোনো বাংলাদেশি নিহত হয়েছেন, এ রকম বিষয় এখনো তাঁদের জানা নেই।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...