Don't Miss
Home / সারাদেশ / ঈদে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান, থাকবে বডি ক্যামেরা-গোয়েন্দা নজরদারি

ঈদে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান, থাকবে বডি ক্যামেরা-গোয়েন্দা নজরদারি

এমএনএ প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঈদ-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, যানজট নিরসন ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, স্বরাষ্ট্র সচিব মনজুর মোরশেদ চৌধুরী, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চামড়ার গুণগত মান রক্ষায় কোরবানির পর দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ উদ্যোগে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

ঈদ উপলক্ষ্যে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগে ও পরে মোট ১৪ দিন সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাজধানীর দুই সিটি কর্পোরেশনে মোট ২৬টি হাট বসবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং জালনোট শনাক্তে ব্যাংক বুথ ও মেশিন স্থাপনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী অঙ্গীভূত আনসার মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...