Don't Miss
Home / আইন আদালত / একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রাম প্রতিনিধি

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যা মামলাসহ আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

যে মামলায় তিনি জামিন পেয়েছেন, সেটির বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যিনি পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা। মামলাটিতে চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ আনা হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেয়। এর আগে ৭ এপ্রিল তাঁর আইনজীবী কে পি শর্মা আদালতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে সেটিও অনুমোদন করা হয়। এরপর বৃহস্পতিবার জামিন দেওয়া হয়।

এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় গত বছরের ১ জুলাই অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশেই ওই আইনজীবীকে হত্যা করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর লাঠি, বাটাম ও ইটসহ বিভিন্ন বস্তু দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করে। গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...