এমএনএ প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহনে সড়কে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে নতুন প্রবেশপথ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা এ বিষয়ে সজাগ থাকবে, যাতে ঈদের আগে-পরে যাতায়াত এবং পশুরহাট ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে গরুবাহী যানবাহন থেকে চাঁদা আদায় বা হাটকেন্দ্রিক বিশৃঙ্খলার ঘটনা দেখা গেছে। তবে বর্তমান সরকার এসব বিষয়ে সরাসরি নজরদারি করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।
গাবতলী হাটের ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পশু এলে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন, এক লাখ গরুর লক্ষ্যমাত্রা থাকলেও যদি ১ লাখ ৩০ হাজার গরু আসে, তাহলে চাপ বাড়ে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি থাকবে।
তিনি বলেন, হাট ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের কয়েকদিন আগে আবার পরিদর্শন করা হবে এবং প্রশাসনের নেতৃত্বে সমন্বয় সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সবশেষে তিনি আশ্বাস দেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণের সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

