চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ নিহত ৪
Posted by: News Desk
October 14, 2018
এমএনএ রিপোর্ট : ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ভারী বর্ষণের পর চট্টগ্রাম নগরীর দুই জায়গায় পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। তার আগে রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন আরেকজন।
নিহতরা হলেন- ফিরোজশাহ কলোনীর একই পরিবারের মা নূর জাহান বেগম (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)। তাদের বাড়ি বরিশাল ঘোনায় ও নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকার লালমিয়ার ছেলে নূরুল আলম নান্টু (৩০)
ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড়ধস হয়। এতে মাটিতে চাপা পড়ে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন।
খবর পেয়ে উদ্ধারকাজ চলায় ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত আড়াইটার দিকে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড়ধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বড় গাছ ভেঙে পাহাড়ের নিচে থাকা কয়েকটি কাঁচা-পাকাঘরের ওপর পড়ে। এ সময় দেয়ালধসে নূরুল আলম নান্টু মিয়াসহ কয়েকজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নূরুল আলম নান্টুকে মৃত বলে ঘোষণা করেন।
পাহাড় চট্টগ্রামে নিহত ৪ দেয়ালধসে মা-মেয়েসহ 2018-10-14