Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলারের অনুমোদন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলারের অনুমোদন

এমএনএ ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত আর্ল রবার্ট মিলারের নিয়োগ অনুমোদন করেছে দেশটির সিনেট।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে আজ রবিবার বলেছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারকে সিনেটে নিশ্চিত করায় আমরা আনন্দিত। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে ঢাকায় তার পরিচয়পত্র হস্তান্তর করবেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

১৮ জুলাই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা করেছেন।

যুক্তরাষ্ট্রের এ কূটনীতিবিদ ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকায় তিনি রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

বার্নিকাট বাংলাদেশে মার্কিন দূতাবাসের নেতৃত্ব দিয়ে আসছিলেন সাড়ে তিন বছর ধরে। প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে ওই পদের জন্য মনোনীত করেন।

এর পর যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী, মিলারকে পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সিনেট কমিটির সামনে হাজির হতে হয়। বাংলাদেশ মিশনের দায়িত্বে তিনি কী করতে চান, কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে চান- সেসব বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে হয় তাকে। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করছেন ১৯৮৭ সাল থেকে।

বতসোয়ানার রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও তিনি কাজ করেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মিলার যোগ দেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...