Don't Miss
Home / রাজনীতি / চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান, কুমিল্লায় পথসভা ও খাল পুনঃখনন উদ্বোধন

চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান, কুমিল্লায় পথসভা ও খাল পুনঃখনন উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) কুমিল্লা ও চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরে তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সফরকালে পথে কুমিল্লার বরুড়া উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে জানা গেছে। পথসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যুতে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও কৃষিকাজে নানা সমস্যা দেখা দিচ্ছিল। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির এই নেতা। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে এ সময় তিনি সংক্ষিপ্ত মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে সহায়তামূলক কার্ড বিতরণ করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূলের অবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁর এ সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

x

Check Also

দেশে হামের ভয়াবহ বিস্তার: দুই মাসে মৃত্যু ৪৫১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

বিশেষ প্রতিবেদক দেশে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে হাম। গত দুই মাসে হাম ও হামের উপসর্গ ...