Don't Miss
Home / আইন আদালত / বিতর্ক, মামলায় আটকে গেল মৌসুমীর কন্ট্রাক্ট ম্যারেজ, পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিতর্ক, মামলায় আটকে গেল মৌসুমীর কন্ট্রাক্ট ম্যারেজ, পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন প্রতিবেদক

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে শুরু থেকেই বিতর্ক ছিল। যুক্তরাষ্ট্রে নির্মিত খণ্ডকালীন নাটকটিকে চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র দেওয়ার পর আপত্তি জানান মৌসুমী ও তাঁর স্বামী, চিত্রনায়ক ওমর সানী। পরে অভিনেত্রী জেবা জান্নাত আদালতের দ্বারস্থ হলে ছবিটির মুক্তি আটকে যায়। এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সিঙ্গাপুর থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন ওমর সানী।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রসঙ্গে ওমর সানী বলেন, এটি মূলত একটি খণ্ডকালীন নাটক ছিল। তাঁর দাবি, বিদেশে অন্যায়ভাবে কাজটি করা হয়েছিল এবং অনেক অনুরোধের কারণে মৌসুমী এতে অভিনয় করেছিলেন। পরে পরিচালক হাসান জাহাঙ্গীর সেটিকে চলচ্চিত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।

 

ওমর সানী আরও বলেন, “অনেক অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমীর ভুল হয়েছে। সেই সুযোগে নাটকটিকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই, তিনি আদালতের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে গেছেন।”

নাটককে সিনেমা হিসেবে উপস্থাপন করাকে তিনি “অপকর্ম” বলেও মন্তব্য করেন। তাঁর ভাষায়, নাটক ও চলচ্চিত্র কখনো এক নয় এবং নাটক বানিয়ে সেটিকে সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মতো নিম্নমানের কাজ নাটক হিসেবেই মুক্তি পাক। সিনেমা আকারে মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহের পরিবেশ নষ্ট করা উচিত নয়।”

মৌসুমীকে ঘিরে সমালোচনার জবাবও দেন ওমর সানী। তিনি বলেন, “অনেকে প্রশ্ন করছেন মৌসুমী কেন এ কাজ করলেন। আমি বলব, শুধুই অনুরোধের কারণে। আল্লাহ আমাদের ভালো অবস্থানে রেখেছেন। কিন্তু অনুরোধ রাখতে গিয়ে আজ কিছুটা মূল্য দিতে হচ্ছে।”

সবশেষে জেবা জান্নাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জেবা জান্নাতকে ধন্যবাদ। দোয়া করি, চলচ্চিত্রে তোমার অভিষেক ভালো হোক।”

আজ শুক্রবার মুক্তির কথা ছিল কন্ট্রাক্ট ম্যারেজ ছবিটির। তবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছে। তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ছবিটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেবা জান্নাত অভিযোগ করেছেন যে তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিক চুক্তিতে কাজ করেছিলেন। পরে তিনি দেখতে পান, তাঁর স্থিরচিত্র ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিকমাধ্যমে প্রচার করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, নাটকের জন্য ধারণ করা দৃশ্য তাঁর অনুমতি ছাড়াই চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া মৌসুমী ও তাঁর স্বামী ওমর সানীর বিভিন্ন বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ধারা ৮ অনুযায়ী ছবিটির সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক চলছিল। মৌসুমী দাবি করেন, এটি সিনেমা নয়; নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। পরে জেবা জান্নাতও জানান, তিনি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে অভিনয়ের বিষয়ে অবগত ছিলেন না। পরিচালক হাসান জাহাঙ্গীরের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং অভিনয়শিল্পীদের সংগঠন অ্যাক্টরস ইকুইটিতে লিখিত অভিযোগ দেন। একই অভিযোগ করেন অভিনেতা সিয়াম মৃধা।

x

Check Also

দেশে হামের ভয়াবহ বিস্তার: দুই মাসে মৃত্যু ৪৫১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

বিশেষ প্রতিবেদক দেশে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে হাম। গত দুই মাসে হাম ও হামের উপসর্গ ...