Don't Miss
Home / আজকের সংবাদ / জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সু চি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সু চি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। তাঁর মুখপাত্র আজ বুধবার এই কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের উদ্বোধন হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। ১৯ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক শুরু হবে।

সু চির মুখপাত্র জ হাতয় আজ বলেন, মিয়ানমারের সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।

কী কারণে সু চি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না, তার কোনো ব্যাখ্যা দেননি জ হাতয়। তবে তিনি জানিয়েছেন, সু চির পরিবর্তে মিয়ানমারের পক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও এই অধিবেশনে অংশ নেবেন।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসার পর গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে প্রথমবারের মতো অংশ নেন সু চি। অধিবেশনে সু চির দেওয়া ভাষণ প্রশংসা কুড়ায়।

এবার এমন এক সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ও কট্টরপন্থী বৌদ্ধরা সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উপদেষ্টার অধিকতর মনোযোগ প্রয়োজন। তাই অধিবেশনে সু চি’র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং টুনও।

সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অং সান সু চি’র অংশ নেওয়ার কথা ছিল। এখন তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান মুখপাত্র।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, রাখাইনে চলমান সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

রাখাইন পরিস্থিতির কারণে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলতি অধিবেশনে তুমুল সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার। মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনের শুরুর দিন গত সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বলেন, রাখাইনে যা ঘটছে, তা ‘জাতিগত নিধনের উৎকৃষ্ট দৃষ্টান্ত’।

জেইদ রাদ আল হুসেইনের মন্তব্যের জবাবে মিয়ানমার বলেছে, তারা কখনো গণহত্যা অনুমোদন করে না।

জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি জেইদের মন্তব্যের নিন্দা জানিয়েছে মিয়ানমার।

রোহিঙ্গাদের দমন-পীড়ন বন্ধে ব্যর্থতার জন্য শান্তিতে নোবেলজয়ী সু চি আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছেন। শান্তিতে নোবেলজয়ী একাধিক ব্যক্তি সু চির সমালোচনা করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও সু চি সমালোচনার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এখন তিনি এই অধিবেশনেই যাচ্ছেন না।

এদিকে, রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশিরভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা হয়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত ও আহন হন অন্তত ৭০ জন। ওই হামলার জের ধরে রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে নির্বিচারে তাদের হত্যা ও নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই রাখাইন থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...