এমএনএ রিপোর্ট : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই হরতালে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে এ দেশের মানুষের আবেগ-অনুভূতির সাথে একাত্ম হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি। তবে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।’

বিবৃতিতে বলা হয়, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে।
‘হাতেগোনা’ কতিপয় ‘রাষ্ট্র ও ধর্ম বিদ্বেষী’ ব্যক্তিকে খুশি করার জন্য সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার উদ্যোগ গ্রহণ করলে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনও মেনে নেবে না বলেও বিবৃতিতে হুমকি দেয়া হয়।
এতে বলা হয়, যে সব ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখাচ্ছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে দাবি করা হয়, ধর্মনিরপেক্ষতার দাবিদার অনেক দেশেই সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও এ দেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রয়েছে, কখনও সাম্প্রদায়িক দাঙ্গা হয় না।
এদিকে জামায়াতে ডাকা আজকের হরতালে সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর, মহাখালীসহ বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ি তুলনামূলক কম চলাচল করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল ডেকে জামায়াতের নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি। বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান করছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

