Don't Miss
Home / আইন আদালত / জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ সংশোধিত আকারে পাস হওয়ায় বিরোধী দলের ওয়াকআউট, সমঝোতা ভঙ্গের অভিযোগ

জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ সংশোধিত আকারে পাস হওয়ায় বিরোধী দলের ওয়াকআউট, সমঝোতা ভঙ্গের অভিযোগ

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছে। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান-এর নেতৃত্বে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান বিরোধী দলের সদস্যরা।

এর আগে অধিবেশনে অধ্যাদেশটি অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিলটিতে তিনটি সংশোধনী এনে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে এবং ‘ছলচাতুরির মাধ্যমে’ এটি পাস করা হয়েছে।

অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনীগুলো একজন বেসরকারি সদস্য এনেছেন এবং সরকার এ উদ্যোগ নেয়নি। প্রয়োজনে ভবিষ্যতে আবারও আইনটি সংশোধন করা যেতে পারে বলেও জানানো হয়।

বিতর্কের এক পর্যায়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বের হওয়ার সময় শফিকুর রহমান বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”

সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশটি মূল আকারে অনুমোদনের সুপারিশ করেছিল। তবে সংসদে বিল আনার পর তিনটি সংশোধনী প্রস্তাব করেন সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান, যা গৃহীত হয়।

সংশোধনীগুলোর মাধ্যমে জাদুঘর পর্ষদের সভাপতির পদে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারকে জনস্বার্থে যেকোনো সময় সদস্যদের মনোনয়ন বাতিলের ক্ষমতা দেওয়া হয়। এছাড়া সভাপতির মেয়াদসংক্রান্ত বিধানও সংশোধিত হয়ে বাদ দেওয়া হয়।

বিতর্ক চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, আইন প্রণয়ন প্রক্রিয়ার এই পর্যায়ে এসে আপত্তি জানানোর সুযোগ নেই এবং আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল।

শেষ পর্যন্ত কণ্ঠভোটে সংশোধিত আকারে বিলটি জাতীয় সংসদে পাস হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...