Don't Miss
Home / রাজনীতি / জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির, শান্তিপূর্ণ নির্বাচনে সবার সহযোগিতা কামনা

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির, শান্তিপূর্ণ নির্বাচনে সবার সহযোগিতা কামনা

এমএনএ প্রতিবেদক

ঢাকা, ১১ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। একইসঙ্গে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সিইসি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য প্রত্যাশা করেন। তিনি বলেন, “তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি।”

সিইসি উল্লেখ করেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেন।

নির্বাচনকে সার্থক করে তুলতে ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবা প্রদানকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...