এমএনএ প্রতিবেদক
ঢাকা মহানগরে থানা থেকে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ বিবেচিত ৩৭টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর তুলনায় এসব কেন্দ্রে প্রায় দ্বিগুণ পুলিশ সদস্য মোতায়েন রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বাড্ডা থানার আওতাধীন বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি থানা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত। নির্বাচনের দিন সেখানে কোনো সহিংসতা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পৌঁছাতে বিলম্ব হতে পারে—এমন আশঙ্কা থেকে কেন্দ্রটিসহ অনুরূপ ৩৭টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ ও নির্বাচন কমিশন সারা দেশের ভোটকেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)’ ও ‘সাধারণ’—এই দুই শ্রেণিতে ভাগ করেছে। তবে থানা থেকে দূরত্ব, সরু যোগাযোগপথ, ভোটার সংখ্যা ও সামগ্রিক নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা মহানগরের ৩৭টি কেন্দ্রে গুরুত্বপূর্ণ কেন্দ্রের চেয়েও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, এসব কেন্দ্রে একজন অস্ত্রসহ উপপরিদর্শক (এসআই)-এর নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে থাকবেন একজন এসআইসহ চারজন সদস্য।
ডিএমপির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় ১ হাজার ৯৭টি ভেন্যুতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫১৬টি ঝুঁকিপূর্ণ এবং ৫২৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। এসব কেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২৬ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি চারটি কন্ট্রোল রুম ও আটটি সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে দায়িত্ব পালন করবেন শীর্ষ কর্মকর্তারা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, “থানা থেকে বেশ দূরে অবস্থিত এমন ৩৭টি কেন্দ্র চিহ্নিত করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসী যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ডিএমপি সূত্র জানায়, আটটি অপরাধ বিভাগের মধ্যে গুলশান বিভাগে সবচেয়ে বেশি—১২টি—এ ধরনের কেন্দ্র রয়েছে। এর মধ্যে রয়েছে বাড্ডার সাঁতারকুল এলাকার জয় অ্যান্ড হোপ স্কুল, মনপুরা কলেজ, সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ, সাঁতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীন মোহাম্মদ বালিকা দাখিল মাদ্রাসা, বেরাইদ মুসলিম হাইস্কুল, বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতদল হাইস্কুল, এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ; খিলক্ষেত এলাকার তলনা রুহল আমিন খান উচ্চবিদ্যালয়, বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় এবং পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওয়ারী বিভাগে রয়েছে দুটি কেন্দ্র—ডেমরা দ্বীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠুলঠুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। মতিঝিল বিভাগে দাসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। রমনা বিভাগে বছিলা উচ্চবিদ্যালয় ও বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই তালিকায় রাখা হয়েছে।
তেজগাঁও বিভাগে তিনটি কেন্দ্র—জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হাসেম খান ইউসেপ টেকনিক্যাল স্কুল এবং রায়েরবাজার কমিউনিটি সেন্টার। লালবাগ বিভাগে ছয়টি কেন্দ্র—ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরাঙ্গীরচর আলোকিত প্রি-ক্যাডেট স্কুল, মহানগর পাবলিক স্কুল, রহমত আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিদ্দিক মিয়া প্রাথমিক বিদ্যালয় ও কাশেম নাদিয়া জুনিয়র হাইস্কুল। বাকি কেন্দ্রগুলো মিরপুর বিভাগে অবস্থিত।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

