এমএনএ প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারে মন্ত্রী-এমপিসহ সবার জন্য একই নিয়ম প্রযোজ্য এবং ট্রাফিক আইন ভাঙার কোনো সুযোগ নেই।
রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী একটি ঘটনার উল্লেখ করে বলেন, এক মন্ত্রী একদিন ট্রাফিক সিগনালে আটকে গেলে তাঁর গানম্যানকে দায়িত্বে থাকা সার্জেন্টের কাছে গিয়ে বলতে বলেন, ‘মন্ত্রী সাহেব আছেন, একটু ছেড়ে দেন।’ পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে মন্ত্রিসভার বৈঠকে তিনি কঠোর বার্তা দেন।
মন্ত্রী বলেন, “কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, একজন মন্ত্রী এই কাজ করেছেন, ভবিষ্যতে যেন আর কখনও এমন না শুনি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠা প্রশাসনের সর্বস্তরে ইতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন, ক্যান্টিনে সবার সঙ্গে বসে খাবার খান এবং ট্রাফিক সিগনালে নিয়ম মেনে গাড়ি থামান। এসব লোক দেখানোর জন্য নয়; বরং মন্ত্রী, কর্মকর্তা ও রাষ্ট্রীয় দায়িত্বে থাকা সবাইকে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য।”
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর কর্মস্পৃহা ও নিষ্ঠা অনুসরণ করতে না পারলে তা দেশের জন্য ক্ষতির কারণ হবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনের কাজে আন্তরিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় তিনি আরও বলেন, দেশের স্বার্থে সরকার ইতোমধ্যে ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রয়োজন হলে চলতি অর্থবছরে আরও ৩০ হাজার কোটি টাকা বাড়ানো হতে পারে, তবে এর জন্য সংশ্লিষ্টদের কার্যকর কর্মদক্ষতা প্রদর্শন করতে হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
