Don't Miss
Home / হোম স্লাইডার / ড. কামাল এবং ব্যারিস্টার সারা হোসেন নির্বাচন করছেন না

ড. কামাল এবং ব্যারিস্টার সারা হোসেন নির্বাচন করছেন না

এমএনএ রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কোনো আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহও করেননি। এমনকি দলীয় মনোনয়নপত্রও সংগ্রহ করেননি তিনি। অবশ্য নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. কামাল বলেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কিংবা প্রধানমন্ত্রী হওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা আমার নেই।

ড. কামাল নির্বাচন না করলেও তার জ্যেষ্ঠ মেয়ে ব্যারিস্টার সারা হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছিল। এমনকি ঢাকা-১২ (তেজগাঁও) আসন থেকে তিনি ঐক্যফ্রন্টের ব্যানারে প্রার্থী হচ্ছেন বলে আজ বুধবার সকাল পর্যন্ত গুঞ্জণ ছিল। তবে শেষ পর্যন্ত সারা হোসেন কোনো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ড. কামাল কিংবা সারা হোসেন কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

এসময় সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, উনি আমাদের নেতা। বয়স ও শারীরিক অবস্থার কারণে নির্বাচন করবেন না। এটা আগেই বলেছেন। তবে তিনি আমাদের নেতৃত্বে থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

জামায়াত প্রসঙ্গে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, তিনি জামায়াত দেখেন না। জামায়াত যাঁরা, তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

এদিকে, সুব্রত চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা-৬ (সূত্রাপুর) আসনে মনোনয়পত্র দাখিল করেছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এবারও মহাজোটের প্রার্থী হিসেবে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও নগর নেতা কাজী আবুল বাশারকে। বিএনপি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে সুব্রত চৌধুরী কিংবা ইশরাক দু’জনের যে কোনো একজন এই আসনে ঐক্যফ্রন্টের একক প্রার্থী হবেন।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...