Don't Miss
Home / হোম স্লাইডার / নির্বাচনে অংশগ্রহণ করছেন না মিন্টু, আলাল ও সোহেল

নির্বাচনে অংশগ্রহণ করছেন না মিন্টু, আলাল ও সোহেল

এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেল।

আজ বুধবার শেষ খবর অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির এই তিন নেতা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিদকের বলেন, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে নিজের জন্য এবং খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে ফেনী-১ আসনের মনোনয়নপত্র কিনেছিলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চেয়েছিলেন বরিশাল-২ আসন। আর ঢাকা-৮ আসনের মনোনয়ন চেয়েছিলেন হাবিবুন নবী খান সোহেল। তিনজনের কেউই আজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি। অবশ্য শায়রুল কোনো কারণ জানাতে পারেননি।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করতে পারছেন না। যদিও তিনি এখন কারাগারে আছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সব দলের প্রার্থীরাই আজ সারা দিন নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে এবার মিন্টু ছাড়াও যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রয়েছেন। অন্যদিকে আলালের বরিশাল-২ আসনে বিএনপির সাবেক হুইপ শহীদুল হক জামালও মনোনয়নপত্র কেনেন। তিনি এর আগে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করেছেন। এবারও এই আসনে তাঁর আগ্রহ ছিল। কিন্তু বিএনপি থেকে এবার সেখানে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে মনোনয়ন দেওয়া হয়। ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে আছেন হাবিব– উন–নবী খান সোহেল। তাঁর পক্ষে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

x

Check Also

এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

এমএনএ প্রতিবেদক এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি ...