এমএনএ সংবাদ ডেস্ক : ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে ঢাকার জলাবদ্ধতা নিরসনের পুরো দায়িত্ব দুই সিটি কর্পোরেশন পালন করবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে ওয়াসার কাছ থেকে ২৬টি খাল দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। শুধু খাল পরিষ্কার না, নগরবাসী ও অন্য প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত কাজগুলোও ঠিকভাবে করতে দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
বৃষ্টি হলেই ঢাকার বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে ভোগান্তিতে পড়ে মানুষ। ঢাকায় ওয়াসা এবং সিটি করপোরেশন-দুই সংস্থারই নিষ্কাশন নালা রয়েছে। এ কারণে নিষ্কাশনে ব্যবস্থায় সমন্বয়ের অভাব থাকার অভিযোগ পুরোনো। এ অবস্থায় পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে দু্ই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের দাবি ছিল দীর্ঘদিনের।
সিটি করপোরেশনের কাছে খাল হস্তান্তরের মাধ্যমে ঢাকার জলাবদ্ধতা কমার আশা প্রকাশ করেন ওয়াসার এমডি তাকসিম এ খান। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।
সিটি জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করার প্রতি জোর দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়া খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানিধারণের ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন, ওয়াকওয়ে এবং সাইকেল লেন তৈরির পক্ষে মত দেন তিনি।
ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব হন্তান্তরকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণার পাশাপাশি এ সংক্রান্ত বিশাল কর্মযজ্ঞের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা শহরে পানি জমলে কাল থেকেই প্রশ্ন উঠবে, কিন্তু ডিএসসিসি এ ব্যাপারে প্রস্তুত। তিনি বলেন, আগামী পরশু থেকে ঢাকার জিরানি, মান্ডাসহ তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট (পান্থপথ ও সেগুনবাগিচা) পরিষ্কার করার কাজ শুরু করা হবে। এ ছাড়া খাল-নালা উন্নয়নে প্রায় ৯০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে বলেও জানান ডিএসসিসি মেয়র। ঢাকা শহরের খালগুলো উদ্ধার ও পরিষ্কার করে ঢাকা শহরকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ার ঘোষণা দেন ফজলে নূর তাপস।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে উন্নত করার জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, প্রধানমন্ত্রী তা পূরণ করে চলেছেন। তিনি বলেন, ঢাকা শহরকে আমরা দৃষ্টিনন্দন, বাসযোগ্য, স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করতে চাই। ঢাকা শহরকে ঠিক করতে হলে যার যে দায়িত্ব, সেটি সঠিকভাবে পালন করতে হবে। যে কাজ আমি করলে ঠিক হবে সেটি আমি করব, আর যে কাজ আমি করলে ঠিক হবে না, সেটি ধরে রাখা ঠিক হবে না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

