এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ৩ সদস্যের প্যানেল স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ আদেশের কারণে আপাতত আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ।
আদালত বলেছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিন জনের নাম চূড়ান্ত করে। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ।
এর আগে ২৩ জুলাই ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছিলো। যার ফলে ওই সিনেট সভা হতে আর কোন বাধা ছিলোনা। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ঢাবির পক্ষে মতিন খসরু শুনানি করেন।
একইসঙ্গে ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে ৩০ জুলাই এ বিষয়ে শুনানি হয়নি।
সূত্র জানায়, আপিল বিভাগের এই আদেশের ফলে বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর দায়িত্ব পালনে বাধা নেই।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
