সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন সংসদ সভাপতি ও বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানী এবং ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন পর দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে।
তিনি চতুর্থবারের মতো সরকার গঠন করায় বিএনপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনকারী জামায়াতে ইসলামীকেও অভিনন্দন জানান।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
