দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় একটি খাল পুনঃখননের মাধ্যমে তিনি দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এর আগে সকাল ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছান। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দেন এবং দুপুর ১২টা ২৮ মিনিটে বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং খালের পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সমাবেশস্থলে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসাদুল হাবিব দুলু, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রী ও নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

