Don't Miss
Home / হোম স্লাইডার / দুঃশাসনের পার্শ্বপ্রতিক্রিয়া জঙ্গি তৎপরতা: খালেদা

দুঃশাসনের পার্শ্বপ্রতিক্রিয়া জঙ্গি তৎপরতা: খালেদা

এমএনএ রিপোর্ট : দেশের বর্তমান জঙ্গি তৎপরতাকে একদলীয় দুঃশাসনের নানা পার্শ্বপ্রতিক্রিয়ার একটি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

দেশে ‘সিরিয়াল কিলিং’ শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হয়, দেশে যেন প্রতি মুহুর্তে গোরস্থানের পরিসরই বিস্তৃত হচ্ছে।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী ও নাটোরে খ্রিস্টান দোকানি খুনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন।

Khaleda-Zia-5খালেদা জিয়া বলেন, দেশবাসী যেন এক নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারিদিকে ভয়, শংকা আর আতংক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে। ভ্রুক্ষেপহীন সরকার বন্য প্রতিহিংসার আক্রোশে জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই দায়িত্বের সমাপ্তি ঘটালেও নিজেরা নিষ্কলঙ্ক হতে পারছে না। তাই প্রকৃত দুষ্কৃতিকারীদের অনুসন্ধান করে গ্রেফতার করার পরিবর্তে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে।

তিনি বলেন, কিন্তু দেশের মানুষ এবং বিশ্ববাসী তাদের উচ্চনাদী অপপ্রচার বিশ্বাস করে না। আর এই সুযোগে জঙ্গিরা আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। জঙ্গিরা প্রকাশ্য দিবালোকে নির্ভয়ে হত্যাকাণ্ড সংঘটিত করছে, অথচ ক্ষমতাবিলাসী সরকার নিশ্চিন্তে এগুলোকে আমলেই নিচ্ছে না।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিদেশী হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের প্রকাশ্য অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি। জনপদের পর জনপদে এখন শোকের মাতম উঠেছে। এই রক্তনদী আর কতদূর বইবে তা কেউ জানে না।

তিনি বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত ক্ষমতা বজায় রাখতে গিয়ে সরকার নিজেই রক্তাক্ত হানাহানির পথ বেছে নিয়েছে, যার নগ্ন বহিঃপ্রকাশ আমরা দেখেছি সম্প্রতি অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার রাজনৈতিক অন্ধকারে পা রেখেছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন সকলকে তোয়াক্কা না করে প্রকাশ্যে অস্ত্র দিয়ে বারবার হত্যাকাণ্ড ঘটানোর পর এক নির্বিকার উদাসীনতা প্রদর্শন করছে।

আসলে এই বর্বরোচিত ঘটনাগুলোর রহস্য কী এবং এ নিয়ে সরকার-জঙ্গিরা কে কী বার্তা দিতে চাচ্ছে, তা নিয়ে জনগণের মধ্যে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে।

Khaleda-Zia-2তিনি বলেন, চট্টগ্রামের পুলিশ সুপারের স্ত্রী এবং নাটোরের খ্রিস্টান পল্লীতে মুদি দোকানীকে হত্যা বর্বর, কাপুরোষোচিত ও অমানবিক পশুপ্রবৃত্তির শামিল। মানবতাবোধশূন্য এই অন্ধ হিংস্রতা মানুষের বিবেককে দারুণভাবে নাড়া দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে একদলীয় দুঃশাসনের নানা পার্শ্বপ্রতিক্রিয়ার একটি হচ্ছে এই জঙ্গি তৎপরতা। ভোটারবিহীন সরকারের রাজনৈতিক আচরণ এবং জঙ্গিদের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুই পক্ষই বিরোধী চিন্তা ও মত সহ্য করে না। গণতন্ত্রের সারাৎসার মানুষের মৌলিক মানবিক অধিকার এরা নৃশংস কায়দায় থেঁতলে দিতে কুণ্ঠিত হয় না।

অমানবিক বর্বরতাই এদের দিন-রাতের কর্মসূচি। সুতরাং মানুষের অধিকারহীন এই দেশ যেন এখন মৃত্যুনগরীতে পরিণত হয়েছে।

তিনি বলেন, মানুষকে প্রতিনিয়ত জীবনাশংকার ভয়াল পরিবেশে বসবাস করতে হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।

খালেদা জিয়া অবিলম্বে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতু এবং খ্রিস্টান মুদি দোকানদার সুনীল গোমেজকে হত্যাকারী দৃর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তিনি মাহমুদা খানম মিতুর বিদেহী আত্মার মাগফিরাত এবং সুনীল দ্যনিয়েল এর আত্মার শান্তি কামনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...