Don't Miss
Home / আজকের সংবাদ / দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল

দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল

নওগাঁ প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে।

তিনি অভিযোগ করেন, পূর্বের ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, অর্থনীতি ও ব্যাংক খাত লুটপাটের শিকার হয়েছিল এবং প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তবে নানা পক্ষ এখনো এই পরিবর্তনের ধারা ব্যাহত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৮ মে) নওগাঁর পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

মন্ত্রী বলেন, তার বাবা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রতিদিন সকালে হাঁটাহাঁটির পর রবীন্দ্রনাথের ‘শাহজাহান’ কবিতা আবৃত্তি করতেন। তিনি উল্লেখ করেন, কবিতা, গান, নাটক ও সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের অসাধারণ অবদান রয়েছে। বিশেষ করে গীতাঞ্জলি রচনার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস বারবার পরিবর্তনের সংগ্রামের সাক্ষী হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় আসেনি। রবীন্দ্রনাথ কেবল সাহিত্যেই সীমাবদ্ধ ছিলেন না; কৃষকদের দুর্দশা দেখে তিনি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রচলনেও কাজ করেছিলেন।

সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সাহিত্যচর্চা মানুষকে মানবিক ও সুন্দর করে তোলে। তিনি নিজেকে সাহিত্যবোদ্ধা দাবি না করলেও রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামসহ সব ধরনের সাহিত্য ভালোবাসেন বলে জানান।

তিনি বলেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে যারা সমাজকে অস্থির রাখতে চায়। তবে বাংলাদেশের মূল শক্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সেই আত্মত্যাগের চেতনাকে সবার আগে মনে রাখা প্রয়োজন। তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র—দুটিই এ দেশের মানুষ সংগ্রামের মাধ্যমেই অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

 

x

Check Also

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল: ইফতেখারুজ্জামান

এমএনএ প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনাকে বিশ্ব ইতিহাসে বিরল ...