Don't Miss
Home / সারাদেশ / দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি

এমএনএ প্রতিবেদক

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক সুবিধা নিতে ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হতো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জঙ্গিবাদ” শব্দটিকে এখন আর সরকার স্বীকৃতি দেয় না। তাঁর ভাষায়, বিশ্বে সব দেশেই কিছু চরমপন্থী বা উগ্র রাজনৈতিক গোষ্ঠী থাকে, যা স্বাভাবিক বাস্তবতা। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদের কোনো কার্যক্রম নেই বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট রয়েছে। কোনো সদস্য রাষ্ট্রবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ধাপে ধাপে বাহিনী প্রত্যাহার করা হচ্ছে। একযোগে পুরো বাহিনী সরিয়ে নেওয়া সম্ভব নয়। ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে এবং শিগগিরই তা আরও সীমিত করা হবে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তারা দায়িত্ব পালন করবে।

পুলিশ সদরদপ্তরের সতর্কতামূলক চিঠি নিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে নিয়মিত নিরাপত্তা জোরদার করা হয়, যা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদীমাতৃক দেশের বাস্তবতায় উপকূলের পাশাপাশি জলপথে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। হাওর এলাকাতেও কোস্ট গার্ডের কার্যক্রম বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

তিনি আরও জানান, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগে কোস্ট গার্ড আইন প্রণয়ন করা হয়। বর্তমানে প্রায় ৫ হাজার সদস্যের এই বাহিনীকে ধাপে ধাপে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সঙ্গে আধুনিক সরঞ্জাম, হেলিকপ্টার, আবাসন ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। উপকূলীয় এলাকা, ম্যানগ্রোভ বনাঞ্চল এবং দুর্গম জলপথে জলদস্যুদের তৎপরতা মোকাবিলায় কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...