Don't Miss
Home / আজকের সংবাদ / দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে হালনাগাদ শেষে বর্তমানে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ , যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ।
আজ বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সামনে এসব তথ্য প্রকাশ করেন।
চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আইনত অপরাধ বিধায় দৈত ভোটরদের বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, এর আগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং মহিলা ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০ জন।
ইসি সচিব জানান, ২০১৭ সালের হালনাগাদ এবং ২০১৫ সালে নেওয়া পনের বছর বয়সীদের নিবন্ধনের তথ্য মিলিয়ে (যারা চলতি বছর ১ জানুয়ারি ভোটার হওয়ার যোগ্য হয়েছেন) নতুন ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
নতুন ভোটারদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য ২০১৭ সালে, ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে এবং দুই লাখ ৭০ হাজার ১৫৮ জন গতবছর হালনাগাদে এবং ৯০ হাজার ৪৯৮ জন রিভাইজিং অথরিটির মাধ্যমে তালিকায় যুক্ত হয়েছেন।
গত ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনীর নিষ্পত্তি করে আজ দুপুরে নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য প্রতিবছর ৩১ জানুয়ারি দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছরই ভোটার হওয়া যায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার অাগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন। প্রবাসী বা অসুস্থতার জন্য কেউ ভোটার হতে না পারলে তাদেরকে অামরা ভোটার হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। অামরা চাই না কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত থাকুক। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়া যাবে। তবে তফসিল ঘোষণা হয়ে গেলে আর কেউ এ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন না। সংবিধান অনুযায়ী চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...