এই মুমিনুলকেই বাদ দিয়েছিলেন হাথুরুসিংহে!
Posted by: News Desk
January 31, 2018
এমএনএ সে্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। অথচ এই মুমিনুলকেই বাদ দিয়েছিলেন হাথুরুসিংহে!
দলে দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর চট্টগ্রাম টেস্টে সুযোগ পাওয়ার পর মোক্ষম জবাব দিচ্ছেন এই ব্যাটসম্যান। মাত্র ৯৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তিন অংকে পৌঁছতে হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি। একটিও ওভার বাউন্ডারি নেই।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল হকের ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা জুটে গেছে অনেকদিন আগেই। এর পেছনে নির্বাচকমণ্ডলী এবং সাবেক ‘একনায়ক’ কোচ চন্দিকা হাথুরুসিংহের ‘অবদান’ কম নয়।
আজ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল। আশ্চর্যের বিষয় এই মুমিনুলকে টেস্ট ফরম্যাটেও ‘বাতিল’ ঘোষণা করেছিলেন হাথুরুসিংহে!
২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনেক নাটকের পর বাংলাদেশে দুটি টেস্ট খেলতে এসেছিল পরাক্রমশালী অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে হেরে গিয়েছিল স্টিভেন স্মিথের দল।
আশ্চর্যের বিষয়, ওই সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন মুমিনুল হক! বাদ পড়েছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদও! দল ঘোষণার সংবাদ সম্মেলনেই এ কথা শুনে উপস্থিত সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া জানায়। অব্যাহত প্রতিক্রিয়ার পর নাটকীয়ভাবে দলে ফেরানো হয় মুমিনুলকে।
সুযোগ পেয়েও মিরপুরে প্রথম টেস্টে একাদশে জায়গা পাননি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৩১ ও ২৯ রান করেছিলেন। ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।
আজ আবার সেই চট্টগ্রাম। মুমিনুলের লাকি গ্রাউন্ড। শ্রীলঙ্কা বোলারদের তুলাধুনা করে ৯৬ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন। চট্টগ্রামে এটা তার চতুর্থ সেঞ্চুরি।
বাংলাদেশের তো বটেই, বিশ্বের অনেক তারকা ব্যাটসম্যানের চেয়ে তার গড় বেশি-৪৬.৩৫। এই টেস্টে আর ৫৩ রান করতে পারলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মাত্র ২৬ টেস্ট খেলা মুমিনুল।
এই মুহূর্তে চন্দিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হিসেবে বাংলাদেশ সফর করছেন। অন্যদিকে কোনো বিশেষজ্ঞ কোচ ছাড়াই তাদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।
চন্দিকা হাথুরুসিংহে অনেক দিয়েছেন এ দেশের ক্রিকেটকে। কিন্তু কাউকে একবার তিনি অপছন্দ করলে তার কপালে দূর্ভোগ ছাড়া কিছুই জুটত না। মুমিনুলের জন্য তখন যদি তীব্র প্রতিক্রিয়া না হতো, তবে আজ হয়ত তিনি হারিয়ে যেতেন স্মৃতির অতলে। বাংলাদেশ হারাত একজন টেস্ট স্পেশালিস্টকে।
ক্রিকেটে খারাপ সময় আসতেই পারে। কিন্তু সেজন্য কাউকে দল থেকে একেবারে ছেঁটে ফেলার সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি। যে মাহমুদ উল্লাহ কিছুদিন আগে টেস্ট দলে সুযোগই পেতেন না, আজ তিনি চট্টগ্রাম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
আবার এনামুল-নাফীসদের মত ক্রিকেটারদের অনেক সুযোগ দেওয়ার পরও ব্যর্থ হয়েছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই মিরাজ-সৌম্য-সাইফ উদ্দিন-মোসাদ্দেক-মুস্তাফিজদের সঠিক পরিচর্যা দরকার। এটা না করলে শ্রীলঙ্কার মত জেনারেশন গ্যাপ সামাল দিতে হবে। আজকের এই তরুণরাই কিন্তু জাতীয় দলের ভবিষ্যত।
বাদ এই হাথুরুসিংহে মুমিনুলকেই দিয়েছিলেন 2018-01-31