Don't Miss
Home / আজকের সংবাদ / নরসিংদীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৬

নরসিংদীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৬

এমএনএ জেলা প্রতিনিধি : নরসিংদীতে মাধবদী এলাকায় বাস ও কাভার্ডভ্যানে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাস স্ট্যান্ডে যাত্রী উঠানোর সময় একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর সদর উপজেলার আমদিয়া হাটখোলার আলী আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়া গ্রামের আবদুর রহমান (৫০), তার ছেলে রফিকুল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫), একই এলাকার সুজন (৩০) ও চিত্ত রঞ্জন বর্মন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনোহরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটিতে কয়েকজন যাত্রী উঠার চেষ্টা করছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। দুটি পরিবহনই পার্শ্ববর্তী গভীর খাদে পানিতে তলিয়ে যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহতদের নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে পরিবহন দু’টি উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ছয় জন মারা যায়। ইতিমধ্যে তাদের পরিচয় জানা গেছে। ঘটনার পরপর পুলিশ পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...