Don't Miss
Home / আজকের সংবাদ / নিকারের ১২১তম সভায় নতুন থানা-উপজেলা ও প্রশাসনিক পুনর্বিন্যাসসহ ৬ প্রস্তাব অনুমোদন

নিকারের ১২১তম সভায় নতুন থানা-উপজেলা ও প্রশাসনিক পুনর্বিন্যাসসহ ৬ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় দেশের বিভিন্ন এলাকায় নতুন থানা ও উপজেলা গঠন এবং প্রশাসনিক পুনর্বিন্যাসসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের ব্রিফ করেন।

নিকারের সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানার আওতাধীন উত্তর মাদার্শা, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর—এই পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে নতুন ‘হালদা’ থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব ও পশ্চিম), বাঙ্গরা (পূর্ব ও পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী—মোট ১০টি ইউনিয়নের সমন্বয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তেরবাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পভুক্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুটি মৌজা (আংশিক) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি মৌজা (পূর্ণ ও আংশিক) মিলিয়ে মোট ১৬টি মৌজার ৬,০২১.৬১২৫ একর এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আওতায় বগুড়া রোড জোন এবং নওগাঁ রোড সার্কেলের কার্যালয় স্থাপন করা হবে।

x

Check Also

১১ শতাংশ মানুষ এখনও আর্সেনিক ঝুঁকিতে, ২০২৬ সালের মধ্যে তা ৫-৬ শতাংশে নামানোর লক্ষ্য: মন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ এখনও আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ...