Don't Miss
Home / আজকের সংবাদ / নির্বাচনে ভোটারদের সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

নির্বাচনে ভোটারদের সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

এমএনএ প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান দায়িত্ব দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এবং রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা, যুব কর্মসংস্থান, কৃষক সহায়তা কিংবা নারী ক্ষমতায়নের বিষয়ে পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তার দাবি, দেশ পরিচালনা ও রাষ্ট্রকে কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি নির্বিঘ্নে পরিচালনা করা যাবে।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জলাবদ্ধতার জন্য কেউ খাল দখল করলে, সে যত প্রভাবশালীই হোক না কেন, তাকে উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার করা হবে।

সমাবেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনা ও রাষ্ট্র পুনর্গঠনের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। এসব বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি এমন কোনো প্রতিশ্রুতি দেয় না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল ভোটের দিন নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন হতে হবে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন।

বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তিনি জানান, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, ছাত্রসমাজের উন্নয়ন, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সরকারি সহায়তা দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি এলাকায় একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিদেশগামী শ্রমিকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, চাকরির জন্য বিদেশ যেতে গিয়ে যেন কাউকে জমি বিক্রি করতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। এজন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্রামে গ্রামে হেলথ কেয়ার কর্মী নিয়োগ, ঢাকা-১৫ এলাকায় হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ঝুলে থাকা ১০০ ফিট সড়কের কাজ দ্রুত শুরুর প্রতিশ্রুতি দেন তিনি।

দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ। কথা একটাই—দেশকে পুনর্গঠন করতে হবে।”

সমাবেশ ও পথসভাগুলোতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...