Don't Miss
Home / অর্থনীতি / অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির সম্ভাবনা নেই: আশিক চৌধুরী

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির সম্ভাবনা নেই: আশিক চৌধুরী

এমএনএ প্রতিবেদক

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আশিক চৌধুরী জানান, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের পাঠানো একটি চিঠি পৌঁছেছে। চিঠিতে প্রতিষ্ঠানটি এনসিটি ইজারা চুক্তি নিয়ে চলমান দর–কষাকষির অগ্রগতির প্রশংসা করেছে এবং এতে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই নেগোসিয়েশন আরও এগোবে এবং সঠিক পথে অগ্রসর হবে।

তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি গ্রহণ ও বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে চুক্তিটি আরও গভীরভাবে পুনর্মূল্যায়নের জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছে।

আশিক চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস। যেহেতু ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, তাই বিষয়টি বর্তমান সরকারের সময়সীমা পেরিয়ে নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে আবার নেগোসিয়েশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না—এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। কারণ হাতে সময় খুবই সীমিত। ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে চূড়ান্ত মতামত আসা, এরপর তা ক্যাবিনেটে উপস্থাপন, অনুমোদন এবং চুক্তি স্বাক্ষর—এই পুরো প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত কঠিন।”

তিনি আরও জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ ২০১৯ সালে শুরু হয়। গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর–কষাকষি শুরু হয়েছিল।

আশিক চৌধুরী বলেন, “সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং নেগোসিয়েশন প্রক্রিয়াও চলমান থাকবে। তবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।”

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...