Don't Miss
Home / আজকের সংবাদ / পরীক্ষা, মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ঈদের পর শিক্ষা রোডম্যাপ

পরীক্ষা, মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ঈদের পর শিক্ষা রোডম্যাপ

এমএনএ প্রতিবেদক

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে নতুন সরকার। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতর-এর পর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সংস্কার কার্যক্রম তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রথম ধাপ (বর্তমান থেকে ঈদুল ফিতর পর্যন্ত): এই সময়ে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’, ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’ সম্পন্ন করা হবে। পাশাপাশি শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ভাষা শিক্ষার পাইলট প্রকল্পের নকশা প্রণয়ন করা হবে।

দ্বিতীয় ধাপ (ঈদুল ফিতরের পর): প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। এতে মন্ত্রণালয়ভিত্তিক ও বিভাগভিত্তিক পরিকল্পনার পাশাপাশি পরিমাপযোগ্য সূচক অন্তর্ভুক্ত থাকবে।

তৃতীয় ধাপ (১২ থেকে ৩৬ মাস): এই পর্যায়ে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের টেকনিক্যাল সংস্কার আনা হবে। কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনে অনুদান (ইনোভেশন গ্র্যান্ট) বৃদ্ধি করা হবে।

ইংলিশ মিডিয়াম স্কুলে শৃঙ্খলা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনা হবে। তিনি বলেন, বদলি প্রক্রিয়ায় কোনো ধরনের বাণিজ্য আর হতে দেওয়া হবে না।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।

সরকারের এ ঘোষণায় দেশের শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত ও প্রযুক্তিগত রূপান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...